ধামইরহাটে ২১টি দোকান পুড়ে ছাই

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ০১:৪৯

নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী বাজারে রোববার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত ভোর পাঁচটার দিকে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ওই বাজারের নৈশপ্রহরীরা আগুন দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বিভিন্ন ধরনের ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।