চুরি, অনধিকার প্রবেশ, হুমকিসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় গতকাল সোমবার বিকেলে বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পল্টন থানার পুলিশ। তৈমুর জাতীয় বধির সংস্থার সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ব্যবসায়ী সৈয়দ রুহুল আরেফিনের করা মামলার অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় তোপখানা সড়কের মেহেরবা প্লাজার কার্যালয় থেকে তৈমুর আলমকে গ্রেপ্তার করা হয়।
তৈমুর আলম বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েও দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়ান। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ করেছে।
