পুলিশে রদবদল হলো ১১টি পদে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ০৩:৪৪

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহানগর পুলিশের কমিশনারসহ ১১টি ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে রদবদল হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডলকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার করা হয়েছে।

সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপাল সোহরাব হোসেনকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মিশন থেকে ফেরা ডিআইজি অমূল্য ভূষণ বড়ুয়া।
র‌্যাবের পরিচালক মল্লিক ফখরুল ইসলামকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব), পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেনকে একই সংস্থার ডিআইজি (চলতি দায়িত্ব) এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আতিকুল ইসলামকে ডিআইজি (চলতি দায়িত্ব) করা হয়েছে। সদর দপ্তরের ডিআইজি মনজুর কাদের খানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার করা হয়েছে রেলওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব) কামরুল আহসানকে। এসএমপির কমিশনার মিজানুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্ব), সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়াকে পুলিশ সদর দপ্তরে, বরিশাল মহানগর পুলিশের  কমিশনার মো. শামসুদ্দিনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।