সিলেটে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১০:১৭
সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সোমবার রাতে পূর্ব বিরোধের জেরে কামাল আহমদ (৩২) নামের এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কামাল সিলেট ছাত্রদলের পুরানলেন গ্রুপের কর্মী বলে ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে। তিনি নগরীর নীলিমা-২৮ নম্বর বাসার মৃত সুরুজ আলীর পুত্র।
 
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
 
স্থানীয় সূত্র জানায়, সিটি কর্পোরেশনের সাবেক নারী কাউন্সিলর শাহানারা বেগম শানুর সাথে ওই এলাকার সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গুলজার আহমদের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাত সাড়ে আটটার দিকে লামাবাজার ভিআইপি রোডের পাশে খুলিয়াপাড়া গলির মুখে দা দিয়ে  কুপিয়ে কামালকে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগে একই বিরোধের জের ধরে শাহানা বেগম শানুর ছেলে তাজুল ইসলাম খুন হন এবং এই খুনের ঘটনার জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।