বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলের নানা ঘটনা নিয়ে নিজের লেখা বই সম্পর্কে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আমি খুব দুঃখ পেলাম। কারণ রিজভীকে আমি আমার ছোট ভাইয়ের মতো মনে করি। তার অনেক লেখা-পড়া আছে। সে যে মন্তব্য করেছে আমি এটা তার কাছ থেকে আশা করিনি। পুরো বই পড়লে সে অনুতপ্ত হবে। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মওদুদ আহমদের লেখা গ্রন্থ ‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দ্য আফটারমাথ:২০০৭-২০০৮’ নিয়ে এরই মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রুহুল কবির রিজভী গতকাল এক সংবাদ সম্মেলনে মওদুদ আহমদের সমালোচনা করেন। বাড়ি রক্ষা করার উদ্দেশ্যে সরকারকে সন্তুষ্ট করতে মওদুদ আহমদ এ বই লিখেছেন কি-না সে নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর প্রতিক্রিয়ায় মওদুদ আহমদ বলেন, নিজের বাড়ি নিয়ে সমস্যা তৈরির অনেক আগেই এ বই লেখা হয়েছে। জরুরি আইনের সময়কালীন প্রেক্ষাপট নিয়েই জেলাখানায় বসে বইটি লেখা হয়েছে। ২০০৯ সালেই তা প্রকাশকের কাছে দেয়া হয়। বাড়ি নিয়ে মামলা হয়েছে তারও একবছর পর। এছাড়া এ সংক্রান্ত আরো দুটি বই ২০১২ সালে প্রকাশিত হয়। এটি এ বিষয়ে তৃতীয় বই। তিনি বলেন, বই লেখা একটা কঠিন কাজ। বিশেষ করে সম-সাময়িক রাজনীতির ওপর কোনো বই লেখা খুবই কষ্টসাধ্য ব্যাপার।
ব্যারিস্টার মওদুদ বলেন, ভেবেছিলাম আমার দল বা দলের নেতা-কর্মীরা এপ্রিসিয়েট করবে এবং ভেবেছিলাম রিজভী আমাকে অভিনন্দন জানাবে, ধন্যবাদ জানাবে এই ধরনের একটি বই লেখার জন্য। কারণ আমি যেটা ভয় করেছিলাম, বইটা বের হওয়ার পরে সরকার আমার উপর অসন্তুষ্ট হবে। হয়তো আমাকে আবার জেলখানায় যেতে হতে পারে। বইটি যদি পড়া হয় তাহলে দেখা যাবে ২০০৭-২০০৮ সালে মইনউদ্দিন-ফখরুদ্দীন সরকার কিভাবে রাজনীতিবিদদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে এবং মানবাধিকার লংঘন করেছে। বিশেষ করে শেষ পর্যায়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য বিএনপিকে দুর্বল করার জন্য ষড়যন্ত্র করেছে। মইনউদ্দিন-ফখরুদ্দীনের সহায়তায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। তারই বিবরণ বইতে দেয়া আছে। এখন দেখছি ফল উল্টো। অসন্তুষ্ট হয়েছেন আমার দলের এক নেতা।
মওদুদ আহমদ বলেন, আমার দল সম্পর্কে বা আমার দলের যে ব্যর্থতা বা আমরা যে পরাজিত হলাম এর অনেকগুলো কারণ আমার বইতে দেয়া আছে। পত্রিকাগুলো তাদের পলিসি অনুযায়ী সংবাদ প্রকাশ করেছে। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে বইয়ে বলা আছে এটা কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। কিভাবে কারচুপি হয়েছে তা বলা আছে। এগুলোর বৃত্তান্ত দেয়া আছে। এটাই মূল প্রতিপাদ্য বিষয়।
ব্যারিস্টার মওদুদ বলেন, এ বইতে আমার যে অভিব্যক্তি দল সম্পর্কে, সেটা আমার ব্যক্তিগত। এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যখন আমি বই লিখি তখন দলীয় ব্যক্তি হিসেবে বই লিখি না। রাজনৈতিক একজন বিশ্লেষক হিসেবে বই লিখি। সব বইতে বস্তুনিষ্ঠভাবে দেশের ইতিহাস তুলে ধরার চেষ্টা করি। আমাদের ব্যর্থতার যেসব কারণ চিহ্নিত হয়েছে সেগুলো যদি অনুসরণ করি এবং চেষ্টা করি সংশোধন করতে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার ক্ষমতায় আসবে। এটাই মূল বার্তা। তিনি বলেন, যেহেতু আমি রাজনীতি করি, আমি বিরোধী দলের নেতা এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য আজকে আমাকে জোর করে বাড়ি থেকে বের করার জন্য সরকার একটা প্রক্রিয়া শুরু করেছে। এ প্রক্রিয়া শুরু করেছে ২০১২ সালে। আর বইটা লেখা হয়েছে ৬ বছর আগে। সুতরাং এটার সঙ্গে বাড়ি রক্ষা বা সরকারকে সন্তুষ্ট করার প্রশ্নই ওঠে না। আমার বিরুদ্ধে ১৮টি মামলা আছে। বাড়ির মামলা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে।
