মালয়েশীয় নিখোঁজ এমএইচ-৩৭০ বোয়িং বিমানটির রহস্য উন্মোচনে সহায়তা করতে পারে এমন ৫৮টি কঠিন ‘বস্তুখন্ড’ খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন অনুসন্ধানকারী দল। এতে উড়োজাহাজটির নিখোঁজ-রহস্য সমাধানে নতুন আশার সঞ্চার হয়েছে। ভারত মহাসাগরে খোঁজ পাওয়া ওই বস্তুগুলোকে আরও সূক্ষ্মভাবে নিরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে। খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়ার।
জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টারে (জেএসিসি) দেওয়া বক্তব্যে মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিউ তিয়ং রবিবার জানান, সমপ্রতি পাওয়া বস্তুগুলো বিমানটির অনুসন্ধান অভিযানের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে। বস্তুগুলো নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমরা ৫৮টি বস্তুর খোঁজ পেয়েছি। এগুলো এমএইচ-৩৭০ বিমানের কি না- সে ব্যাপারে এখনও আমরা পুরোপুরি নিশ্চিত নই। ওগুলো নিয়ে আরও বিশ্লেষণ করা হবে।’ তিনি আরও জানান, দক্ষিণ ভারত মহাসাগর অঞ্চলে বিমানটির অনুসন্ধানে ‘গো ফোনিক্স’ নামে আরও একটি জাহাজ পাঠাবে মালয়েশিয়া।
এর আগেও বেশ কয়েকবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী জেট বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করেছিল অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন অনুসন্ধানকারী দল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে, সেগুলো প্রকৃতপক্ষে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ নয়, বরং সমুদ্রের আবর্জনা।
গত ৮ মার্চ কুয়ালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর যাত্রীবাহী বোয়িং-৭৭৭ বিমানটি হারিয়ে যায়। এর পর অনেকগুলো দেশ মিলে ভারত মহাসাগর ছাড়াও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও বিমানটির কোনো খোঁজ পায়নি। বিমানটিতে মোট ২৩৯ জন আরোহী ছিল। এর মধ্যে ১৫৪ জনই ছিল চীনের নাগরিক।
