মেহেরপুরে অজ্ঞাত রোগে অসুস্থ্য ৭ ছাত্রী হাসপাতালে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৭

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর দাখিল মাদ্রাসায় অজ্ঞাত রোগে আক্রান্ত হওয়ায় ৭ম শ্রেণীর সাত ছাত্রীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ্যরা হলেন, রেকসোনা, তাজমিনা, সুখী, লিপি, উম্মে হানি, জলি ও রেখা।

গোভীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আকবর আলী জানান, মাদ্রাসায় কোচিং করার সময় ৭ম শ্রেণীর ছাত্রী জলি হঠাৎ বুকে যন্ত্রনা অনুভব করে। এর পরপরই তার হাত ও পা অবশ হতে থাকে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পরপরই একে একে আরো ছয় ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাদেরও হাসপাতালে ভর্তি করানো হয়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. অলোক কুমার দাস জানান, মাস সাইকোজেনিক (মানসিক সমস্যা)  কারনে এ সমস্যা হয়েছে। এটি একটি সামাজিক রোগ। এ রোগী কেউ দেখলে তারও আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েক ঘন্টা পরেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

ইতিমধ্যে অসুস্থ্য সাত ছাত্রীকে তাদের বাড়িতে ফিরিয়ে নেয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে।