রাজধানীর উত্তরায় একটি বাড়িতে ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের নাম- চিরশ্রী জামান (১৮) ও আলীম জামান (১৫)। তাদের মা জয়শ্রী জামান বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব এডিটর।
সোমবার রাত ১২টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের ১১ নম্বর বাড়ির ৫তলার বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঘটনার বরাত দিয়ে উত্তরার পশ্চিম থানার এসআই হারুনুর রশিদ জানান, মৃত দুইজনের মা জয়শ্রী জামান সোমবারা রাত ৮টায় অফিসে কর্মরত ছিলেন। রাত পৌনে ১০টার দিকে তিনি বাসায় ফিরে চিরশ্রী ও আলীমের বেডরুমে ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ ঘটনাস্থল থেকে ইংরেজিতে লেখা ছয় পাতার চিঠি উদ্ধার করে। এই চিঠি দেখে জয়শ্রী জামান জানিয়েছেন, এই লেখা তার দুই সন্তানের। চিঠিতে তারা জীবন সম্পর্কে হতাশার কথা লিখেছে।
তবে উত্তরা পশ্চিম থানা ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা করার কথা দাবি করা হলেও বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। ছয়পাতার চিঠি পরীক্ষার জন্য সিআইডির ক্রাইম সিন বিভাগের কাছে পাঠানো হয়েছে। ঘটনার সময় ওই দুই বেডরুমের দরজা খোলা ছিল। তারা আত্মহত্যা করেছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় জয়শ্রী জামানের নিকট আত্মীয় হাবিবুজ্জামান বাদী হয়ে উত্তরার পশ্চিম থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
