রংপুর-ঢাকা পরিবহন ধর্মঘট চলছে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৪:০৩

রংপুরে মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমঝোতা বৈঠক ফলপ্রসূ না হওয়ায় রংপুর-ঢাকা-রংপুরগামী সব ধরনের কোচ ধর্মঘট চলছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য চলবে এ ধর্মঘট। হঠাৎ করে ঢাকাগামী কোচ চলাচল বন্ধ থাকায় চরম বিড়ম্বনায় পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। সোমবার রাতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলনের মাধ্যমে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ সেপ্টেম্বর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মোটর মালিক সমিতির নিয়োগ করা কর্মচারীর সাথে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের টোল আদায় নিয়ে সংঘর্ষ হয়। এতে শ্রমিক ইউনিয়নের অফিস, সাধারণ স¤পাদকের ব্যবহৃত কার এবং তিনটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়া হয়। আহত হয় অন্তত ২০ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা এখনও গুরুতর। এতে করে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়ন ৮ সেপ্টেম্বর রংপুর বিভাগের ৫৬টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ওইদিন বিকেলে সংকট নিরসনে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা প্রশাসনের এক জরুরি বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়। পরবর্তীতে গতকাল সোমবার রংপুর সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে মোটর মালিক সমিতি এবং মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রংপুর মোটর মালিক সমিতির সাধারণ স¤পাদক এবং পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা প্রশাসক ফরিদ আহম্মদ, পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম উপস্থিত ছিলেন। এ সময় মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও আমরা প্রশাসনের উপস্থিতিতে মাত্র ১১ লাখ টাকা চেয়েছি। কিন্তু মসিউর রহমান রাঙ্গা সাহেব মাত্র দেড় লাখ টাকা দিতে চান। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আমরা ঢাকা-রংপুর-ঢাকাগামী সব ধরনের কোচ ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছি। পর্যায়ক্রমে গোটা বিভাগ জুড়ে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত আছে।