তৈমুর মুক্তি না পেলে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে হরতাল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৩০

বিএনপির কেন্দ্রীয় নেতা তৈমুর আলম খন্দকারকে মুক্তি না দিলে আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জে হরতালের ঘোষণা দেয় ২০ দলীয় জোট।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ে সামনে সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।
জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈনুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার তৈমুর আলম খন্দকারকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দিতে হবে। তা না হলে ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মেহেরবা প্লাজায় নিজ কার্যালয় থেকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৈমুরকে বিজয়নগরের সৈয়দ মো. রুহুল আরেফীনের করা মামলায় গ্রেফতার করে পল্টন থানা পুলিশ।