বৈদ্যুতিক পণ্য ও হালকা যন্ত্রপাতির দুটি পৃথক আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত থাকবে। বেলা ১১টায় শুরু হয়ে প্রদর্শনী চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আজ মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা জানান আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস) সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ইলেক্ট্রিকাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিইএমএ) সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, বাইশিমাস মহাসচিব মো. আব্দুল হাকিম মিয়া এবং আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন লিমিটেডের পরিচালক নন্দ গোপাল প্রমুখ।
আব্দুর রাজ্জাক বলেন, বাইশিমাসের উদ্যোগে আয়োজিত এ ৫ম লাইট ইঞ্জিনিয়ারিং মেলায় বাংলাদেশ ও ভারত থেকে মোট ১৫০টি শিল্প প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। এতে দেশীয় ইঞ্জিনিয়ারিং পণ্যের প্রচার ও দেশি-বিদেশি যৌথ উদ্যোগে শিল্প স্থাপনের সুযোগ তৈরি হবে। তিনি বলেন, বর্তমানে চল্লিশ হাজার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে। এ ধরনের মেলার মাধ্যমে এ শিল্প আরও সম্প্রসারিত ও আধুনিক হবে। মেলায় বিভিন্ন ধরনের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও আধুনিক ইঞ্জিনিয়ারিং পণ্য প্রদর্শিত হবে।
এনায়েত হোসেন চৌধুরী বলেন, বিইএমএ আয়োজিত ৭ম বৈদুত্যিক পণ্য মেলায় বাংলাদেশ থেকে ৪০টি প্রতিষ্ঠান ও ভারত থেকে ২০ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলায় বৈদ্যুতিক পণ্য, যন্ত্রপাতি এবং কাঁচামাল প্রদর্শন করবে। এতে করে দেশিয় প্রতিষ্ঠানগুলো তাদের শিল্প আধুনিক করতে প্রয়োজনীয় পণ্যের সাথে পরিচিত হতে পারবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকার বৈদ্যুতিক পণ্যের বাজার রয়েছে। এর প্রায় ৭৫ ভাগ দেশীয় শিল্পগুলোই সরবরাহ করে। সামনে দেশে বিদ্যুত্ উত্পাদন বাড়ার সাথে সাথে এ বাজারও বড় হবে। তাই আমাদের শিল্পের প্রসার না ঘটলে এ সব পণ্য আমদানি করতে হবে। শিল্পের প্রসারের ক্ষেত্রে এ মেলা সহযোগী হবে।
