ভর্তি পরীক্ষা শুরু বুধবার

জাবিতে প্রতি আসনে লড়বে ১০১ জন শিক্ষার্থী

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৩১
 
 
 
 

বুধবার থেকে শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। এবারের ভর্তি পরীক্ষায় ৬টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ এবং ২টি ইন্সটিটিউটের অধীনে ১ হাজার ৯৪৩ আসনের বিপরীতে এবার মোট এক লক্ষ ৯৬হাজার ৩শত ২৪জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছরের আসন সংখ্যার হিসাব অনুযায়ী প্রতি আসনে লড়বে ১০১ জন শিক্ষার্থী। বুধবার ‘এ’ ইউনিট ভূক্ত  গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ‘এ’ ইউনিট ভূক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের অধীনে  ৪০ হাজার ৩ শত ৪৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আজ পাঁচটি শিফটে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিট ভূক্ত জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৪৪ হাজার ৭শত ১২ জন শিক্ষার্থী অংশ নেবে। শনিবার ‘বি’ ইউনিট ভূক্ত সমাজ বিজ্ঞান অনুষদে ২১ হাজার ৪৫জন এবং  ‘এইচ’ ইউনিটের অধীনে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ১৩হাজার ১শত ৯৭জন পরীক্ষার্থী অংশ নিবে। ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী রবিবার । এতে অংশ নিবে  ২৬ হাজার ৩ শত ২১জন শিক্ষার্থী। ‘সি’ ইউনিট ভূক্ত কলা ও মানবিকী অনুষদে মোট ৩২ হাজার ৯৩ জন পরীক্ষার্থী অংশ নিবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সোমবার ২ সেপ্টেম্বর। আর ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদে মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৮শত ৮৭ জন শিক্ষার্থী। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার। প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে এবং একদিনে সর্ব্বোচ পাঁচটি শিফটে পরীক্ষা নেয়া হবে। এক শিফটের পরীক্ষার্থী কোনোভাবেই অন্য শিফটের পরীক্ষায় অংশ নিতে পারবে না। তবে যে সব পরীক্ষার্থী ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা প্রতি ইউনিটের পরীক্ষার সর্বশেষ শিফটে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের মাধ্যমিক / উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিতে হবে। এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি প্রতিরোধ করতে পরীক্ষা কেন্দ্রে ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোন পরীক্ষার্থীর কাছে যে কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাত্ক্ষণিক বহিষ্কার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী। পরীক্ষার প্রয়োজনীয় সর্বশেষ তথ্যাবলী পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) । এছাড়া ভর্তি  সম্পর্কিত সকল তথ্য  এন্ড্রয়েড ফোনে পাওয়া যাবে।এনড্রয়েড অ্যাপস ডাউনলেড লিংক (www.juniv.edu/juapps) ।