চট্টগ্রামের সাতকানিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার কেরানীহাট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইসমাইল হোসেন (৩০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পুজাখালী খৈয়ারবিল এলাকার আমু হোসেনের ছেলে এবং পেশায় সে একজন কাঠমিস্ত্রী।
জানা যায়, ঘটনারদিন সকালে নিউ মার্কেট এলাকার মিজান ও ওসমানের নেতৃত্বে কয়েকজন লোক ইসমাইলকে ধরে নিয়ে মার্কেটের দোতলায় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বেঁধে লাঠি ও চেইন দিয়ে এলোপাতাড়ি পিটায়। এক পর্যায়ে ইসমাইল গুরুতর অসুস্থ হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে আশশেফা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করলে তারা হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে ইসমাইলকে চোর সন্দেহ করে হত্যাকারীরা পিটিয়েছে। পুলিশ হত্যার সাথে জড়িত কেউ এখনো গ্রেফতার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই হেলাল উদ্দিন বলেন, পলাতক আসামিদের ধরতে পারলে প্রকৃত রহস্য উদঘাটিত হবে।
