চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চোর সন্দেহে ইসমাইল হোসেন (৩০) নামের এক তরুণকে হাত বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে কেরানীহাট এলাকার নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। ইসমাইলের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী গ্রামে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী সমিতি কার্যালয়ের কর্মচারী আবদুল হাইকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কেরানীহাটের কাঁচাবাজারে চোর সন্দেহে ইসমাইলকে স্থানীয় দোকানের কয়েকজন কর্মচারী আটক করেন। পরে তাঁকে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে মিজান ও ওসমানসহ অন্যরা মিলে রশি দিয়ে ইসমাইলের হাত বেঁধে ফেলেন। পরে তাঁরা তাঁকে লাঠি ও তালা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে ইসমাইল চেতনা হারিয়ে ফেলেন। উপস্থিত লোকজন তাঁকে বেলা একটার দিকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইসমাইলের মুঠোফোন সংগ্রহ করে কললিস্টের মাধ্যমে তাঁর নাম-ঠিকানা জানতে পারে।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক রাশেদ জানান, এক তরুণকে পিটিয়ে আহত করা হয়েছে শুনে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন তরুণটি মারা গেছেন। পরে জানতে পারেন তাঁকে কাঁচাবাজার থেকে ধরে সমিতির কার্যালয়ে এনে পেটানো হয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আগেই মারা গেছেন বলে জানান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। পুলিশ জানায় তদন্ত করে হত্যার রহস্য বের করা হবে।
