যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকা থেকে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নেতা আবদুল ওয়াদুদ শেখ ও তাঁর সহযোগী রবিউল ইসলামকে দুটি বিদেশি পিস্তল ও ছয়টি বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ইত্তেফাককে বলেন, একটি হত্যা মিশনে অংশগ্রহণের জন্য আবদুল ওয়াদুদ শেখ ও তাঁর সহযোগী রবিউল ইসলাম অস্ত্র ও বোমা নিয়ে যাচ্ছিলেন। যশোরের ডিবি কার্যালয়ে রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আবদুল ওয়াদুদ শেখ উপজেলার নওয়াপাড়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আবদুল ওয়াদুদের স্ত্রী জেসমিন সুলতানা বলেন, ‘এখানে আওয়ামী লীগের রাজনীতিতে বিভক্তি আছে। এই বিভক্তির কারণে আমার স্বামী ষড়যন্ত্রের শিকার হয়েছেন।’
