রায় রিভিউয়ের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৩
 
আপিল বিভাগের দেয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারদণ্ডাদেশের রায় রিভিউয়ের সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। বুধবার রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজ কার্যালয়ে তিনি এই তথ্য জানান।
অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট একটি বিশেষ আইন। এই আইনের অধীনে সাঈদীর বিচার হয়েছে। এখানে রিভিউ চলবে না বলে আমি কাদের মোল্লার মামলায় শুনানি করেছি। কাদের মোল্লা রিভিউ করেছিলেন সেটা আপিল বিভাগে খারিজ হয়েছে। এখন আমি ভিন্ন কিছু বলতে পারব না।
রায় সম্পর্কে দিনি বলেন, আমার প্রত্যাশা ছিল সাঈদীর মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকবে। কিন্তু তা না থাকায় আমার খারাপ লাগছে। 
মাহবুবে আলম বলেন, সাঈদী নিজেকে ধার্মিক নেতা হিসেবে জনগণের সামনে উপস্থাপন করেছেন। তাকে নারী নির্যাতনকারী হিসেবে আপিল বিভাগ রায় দিয়েছে।
তিনি বলেন, ইসলামে কখনো জোরজবরদস্তির কথা বলেনি। কিন্তু সাইদী জোর করে লোকজনকে ধর্মান্তরিত করেছেন। এই অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে সাঈদীর মুখোশ উন্মোচিত হল।