যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য এই রায়: ইমরান

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১২:১৪
 
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধীদের পুনর্বাসনের জন্য এই রায় দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কোনো মানুষ এই রায় মেনে নিতে পারবেন না। বুধবার জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আপিল বিভাগের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। 
ইমরান এইচ সরকার বলেছেন, জামায়াতের সঙ্গে নেগোসিয়েশনের কারণেই এই রায় হয়েছে। আমার দেশবাসীকে এর প্রতিবাদ জানানোর জন্য রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ায় মিছিল করছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ডা.  ইমরান এইচ সরকারের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলটি শাহাবাগ থেকে টিএসসি চত্বর হয়ে হাইকোর্টের দিকে রওনা দিলে দোয়েল চত্বর এলাকায় ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেয়। 
গত বছর ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৮ মার্চ আপিল করেন তিনি।