মাওয়া লঞ্চঘাট পদ্মায় বিলীন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৫:১৫


মাওয়া লঞ্চঘাট পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। পাশের পরিত্যক্ত রো রো ফেরিঘাট দিয়ে সাময়িক লঞ্চ সার্ভিস চালু রয়েছে।
বুধবার  সকালে আকস্মিক এ ভাঙনে লঞ্চঘাট পন্টুনের পিছনের অংশ দুটি দোকানসহ পদ্মায় তলিয়ে যায়। এর আগে ১৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর পদ্মার ভাঙ্গনে মাওয়া মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিআইডব্লিউটিসির মাওয়ার ম্যানেজার সিরাজুল হক জানান, সকালে হঠাৎ এই ভাঙ্গন দেখা দিলে কিছু বোঝার আগেই লঞ্চঘাট পন্টুনের পিছনের অংশ, মো শহিদুল ইসলামের মোবাইল ও বি-ক্যাশের দোকান এবং মো আলমের চায়ের দোকান পদ্মায় তলিয়ে যায়। এ সময় পাশে থাকা রাসেলের মুদি দোকানের জিনিসপত্র দ্রুত সরিয়ে নেয়া হয়। একই সাথে আশপাশের দোকান ও বাড়ি ঘর সরিয়ে নেয়া হচ্ছে।
এদিকে পদ্মায় আবার ভাঙন দেখা দেয়ায় ফেরিঘাট এলাকায় সর্তক দৃষ্টি রাখা হয়েছে। যেকোন সময় এই ঘাটে ভাঙন দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে। তবে এখনও ফেরি সাভিস স্বাভাবিক রয়েছে।
গত ১৯ আগস্ট রাত পৌনে ৯টায় আকস্মিক ৩ নম্বর রো রো ফেরিঘাট বিলীন হয়ে যায়। এতে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরিসার্ভিস অচল হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। ৪৬ ঘন্টা পরে রো রো ফেরিঘাট ২ নম্বর ঘাটে স্থানান্তর করে সার্ভিস সচল রাখা হয়। কিন্তু ২ নম্বর ঘাটের সাধারণ ফেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে বিলীন হওয়া ঘাটের প্রায় ১২০ গজ দূরে স্পিডবোট ঘাটের পাশে নতুন ৩ নম্বর ঘাট সাধারণ ফেরির জন্য স্থাপন করা হয়। ২৮ আগস্ট এই ৩ নম্বর ঘাটে রো রো ফেরির পন্টুন স্থানান্তর করা হয়। দ্বিতীয় দফায় ১ সেপ্টেম্বর বিকাল পৌনে ৪টা থেকে পদ্মার ভাঙ্গনে নতুন রো রো ফেরি ঘাট আবার বন্ধ হয়ে যায়।