আজ এ সংক্রান্ত রায় ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এক প্রতিক্রিয়ায় বলেছেন, দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ডাদেশ রদ করে আমৃত্যু কারাদণ্ড প্রদানের সিদ্ধান্তে দেশবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে। ইতিহাসের দায়, ন্যায়বিচার ও ভয়ঙ্কর খুনি ও যুদ্ধাপরাধী সাইদীর জন্য কেবলমাত্র মৃত্যুদণ্ডই দাবি করে, তার চেয়ে কম কিছু নয়।
পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ যৌথ বিবৃতিতে বুধবার এ কথা বেলন।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে, খোলামেলা স্বাক্ষ্য-প্রমাণ ও যুক্তি-তর্ক নিখুঁতভাবে বিবেচনা করে, আন্তর্জাতিক মানববতা বিরোধী অপরাধ ট্রাইবুনাল সাইদীর বিরুদ্ধে ‘মৃত্যুদণ্ডাদেশ প্রদানযোগ্য’ একাধিক অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছিল। সে কারণে ট্রাইবুনাল স্বাভাবিক ভাবেই সাইদীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। উচ্চতর আপিল আদালতের রায়ে আজ সেই মত্যুদণ্ডাদেশ রদ করে যাবজ্জ্বীবন দণ্ডাদেশ প্রদানের সিদ্ধান্ত দেশবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে ।
তারা বলেন, হিটলারের নাজী যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড না দেয়া হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ববাসীর ক্ষুদ্ধ হওয়াটা যে কারণে যুক্তিযুক্ত হতো, একাত্তরের জল্লাদ সাইদীর মৃত্যুদণ্ড না হওয়ায় দেশবাসীর ক্ষুদ্ধ হওয়াটা একইভাবে যুক্তিযুক্ত। ইতিহাসের দায়, ন্যায় বিচার ও ভয়ঙ্কর খুনী ও যুদ্ধাপরাধী সাইদীর মানবতা বিরোধীতা সাইদীর জন্য কেবলমাত্র মৃত্যুদণ্ডই দাবি করে, তার চেয়ে কম কিছু নয়।
সিপিবি নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে, সাম্প্রদায়িকতাকে পরাভূত করতে ও মুক্তিযুদ্ধের চেতনা-ধারায় বাংলাদেশকে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের ধারায় নতুন গণজাগরণ সৃষ্টি করে মুক্তিযুদ্ধের নতুন পর্ব সংগঠিত করার আহবান জানান।
