জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের আগের রাতে নাশকতার আশংকায় মঙ্গলবার গভীর রাতে থেকে বুধবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার আশুগঞ্জ, আখাউড়া, নাসিরনগর,বিজয়নগর ও বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া শহর শাখা ছাত্র শিবিরের নেতা কুমিলা সরকারি কলেজের ছাত্র জিয়া উদ্দিন (২২), ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের ছাত্র নাদিমুল (২২), ভাদুঘর আলিয়া মাদ্রাসার ছাত্র কাউছার মিয়া (২৫), আশুগঞ্জ উপজেলার জামাত কর্মী সৈয়দ হোসেন (৩৬), আখাউড়া উপজেলার শিমুল (২৪) ও হূদয় (২৫), নাসিরনগরের শামসু মিয়া (৪০) ও আজিজুল হক (৪০), বিজয়নগরের খলিল মিয়া (৪৫) এবং বাঞ্ছারামপুরের মো. আলম (২৭)।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) মো. মাইনউদ্দিন খান জানান, শহর শাখা শিবিরের সেক্রেটারি সারওয়ারের বাসায় গোপন বৈঠক করার সময় তিনজনকে আটক করা হয়। বাকি সাত জনকে বিভিন্ন উপজেলা সদর থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪টি ধর্মীয় বই, চাঁদা আদায়ের রশিদ, জীবন বৃত্তান্ত ফরম জব্দ করা হয়েছে।
