শেয়ারবাজারে বুধবার লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ৯৬৬ কোটি টাকা লেনদেন হয়েছে। আর সিএসইতে হয়েছে ৬০ কোটি টাকা। সব মিলিয়ে শেয়ারবাজারে লেনদেন হয়েছে ১ হাজার ২২ কোটি টাকা।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজারে লেনদেন আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ১৫ শতাংশ বেড়েছে। এর পেছনে বড় মূলধনী কোম্পানিগুলোর অবদানই বেশি। কারণ লেনদেনের বড় অংশ হয়েছে এ কোম্পানিগুলো ঘিরে। এজন্য সর্বোচ্চ লেনদেনের তালিকার প্রথম আটটিই বড় মূলধনী কোম্পানি।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৬৬ কোটি ৪২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩০ কোটি ২০ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, অকারণে বাড়ছে আনলিমা ইয়ার্নের শেয়ার দর। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই’র নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তৃতীয় প্রান্তিকে মুনাফা কমার পরও শেয়ার দর বাড়ছে আনলিমা ইয়ার্নের। দুইদিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে সাড়ে ২০ শতাংশ। এ প্রেক্ষিতেই ডিএসই তাদের শেয়ার দর বাড়ার কারণ জানতে চায়। এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১০ বছরের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। মেয়াদ শেষের আগে তিন-চতুর্থাংশ ইউনিটহোল্ডার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ফান্ডটির মেয়াদ বাড়ানো যেতে পারে। অন্যথায় আইসিবি এসেট ম্যানেজমেন্ট কর্তৃক পরিচালিত মেয়াদী এ ফান্ডটি আগামী ২৯ ডিসেম্বর শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত হবে। এজন্য শিগগিরই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হবে বলে আইসিবি এএমসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে।
