৪ ঘণ্টা বিদ্যুত্ ছিল না ৭ মন্ত্রণালয়ে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:২৭
 
গ্রিড লাইনে ক্রুটির কারণে বুধবার সচিবালয়ের একটি ভবন চার ঘণ্টা বিদ্যুত্হীন ছিল। ওই ভবনে সাতটি মন্ত্রণালয়ের কার্যক্রম চলে। সচিবালয়ের চার নম্বর ভবনে দীর্ঘ সময় বিদ্যুত্ না থাকায় নয়টি ফ্লোরে থাকা সাতটি মন্ত্রণালয়ের দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হয় বলে জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সচিবালয়) শামসুল আলম বলেন, সচিবালয়ের চার নম্বর ভবন বাদে অন্য ছয়টি ভবনে ঢাকার পূর্ব ও পশ্চিম গ্রিড থেকে বিদ্যুত্ সরবরাহ করা হয়। আর চার নম্বর ভবনে বিদ্যুত্ আসে পূর্ব গ্রিড থেকে। পূর্ব গ্রিডে পাওয়ার ট্রিপ করায় চার নম্বর ভবনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখতে হয়। এ সময় অন্য ভবনগুলোতে পশ্চিম গ্রিডের বিদ্যুত্ দিয়ে সরবরাহ চালিয়ে নেয়া হয়। তবে চার নম্বর ভবনে বেলা সাড়ে ১১টার সময় একবার বিদ্যুতের লাইন ‘সচল’ হলেও পুরো লাইন ঠিক হয় বেলা ১টার সময়।
বিদ্যুত্ বিপর্যয়ের সময় জেনারেটরের সাহায্যে চার নম্বর ভবনের তিনটি লিফট সচল রাখা হয়। কর্মকর্তারা জানান, অন্ধকারে বসে অনেকেই কোনো কাজ করতে পারেননি। অনেকে ভবন থেকে বের হয়ে অন্য ভবনে গিয়ে সময় কাটিয়েছেন। গ্যাস সংকটে বিদ্যুত্ উত্পাদন কমে যাওয়ায় ঘাটতি মেটাতে গত মাসখানেক ধরেই দফায় দফায় লোডশেডিং দিতে হচ্ছে বিদ্যুত্ বিভাগকে।
বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবে বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে ছয় হাজার মেগাওয়াটের মতো বিদ্যুত্ উত্পাদিত হচ্ছে, যাতে ঘাটতি থাকছে পাঁচশ মেগাওয়াটের বেশি। এর মধ্যে গ্রিড বা সরবরাহ লাইনে ক্রুটির কারণে লম্বা সময় বিদ্যুত্ বন্ধ থাকলে রাজধানীসহ সারা দেশের মানুষকেই ভোগান্তি পোহাতে হচ্ছে।