কুমিল্লায় পুলিশ-শিবির সংঘর্ষ, আহত ১২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪১
 
 
কুমিল্লায় পুলিশের সাথে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। এসময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তপন নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়। এছাড়া ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় শিবিরের কমপক্ষে ১১ নেতা-কর্মী আহত হয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়। এ ব্যাপারে মনোহরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল হাই সরকার জানান, শিবিরের ৩০/৩৫ জনের একটি দল বিপুলাসার এলাকায় মিছিল বের করে গাড়ি ভাংচুর ও নাশকতার চেষ্টা চালায়। এসময় তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। ইট-পাটকেলের আঘাতে থানার কনস্টেবল তপন আহত হয়েছে।