বুধবার সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকার এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ যুবকের নাম মো. সুজন (২৩)। তিনি স্থানীয় এক টিন কারখানায় কাজ করেন। তিনি ওই এলাকারই বাসিন্দা।
আহত সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত ৯টার দিকে নিয়ে আসে তার বন্ধু ফয়সাল। এরপর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়।
ফয়সালের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, “সন্ধ্যার পর চার বন্ধু- সুজন, নাহিদ, রমিজ ও ফয়সাল পোস্তগোলা এলাকায় কোক খাচ্ছিলেন। এসময় সজল নামের এক স্থানীয় ‘সন্ত্রাসী’ এসে জানতে চান রমিজ এলাকায় কী করছে?
“উত্তরে, সুজন পাল্টা প্রশ্ন করে জানতে চান- রমিজ এলাকায় আসলে সমস্যা কোথায়? এনিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সুজনের বুকে পিস্তল ঠেকিয়ে একটি গুলি করে সজল ঘটনাস্থল থেকে চলে যায়।”
পরিদর্শক মোজাম্মেল বলেন, “রমিজ ও সুজন এক বছর আগে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কাজে জড়িত থাকায় সজলকে গ্রেপ্তারে পুলিশকে তথ্য দিয়েছিল এবং এই কারণেই সুজনকে গুলি করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন গুলিবিদ্ধের বন্ধু ফয়সাল।”
