মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে এনবিআরের আয়োজনে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়। বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতেও একইদিনে মেলা শুরু হয়েছে।
এনবিআর গতকাল জানিয়েছেন সাতদিনব্যাপী এ আয়োজনের মাত্র দুই দিনে গতবারের অর্ধেকের চেয়ে বেশি কর আদায় হয়েছে। কর দেয়ার ক্ষেত্রে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে করদাতাদের মধ্যে। তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবার হরতালের দিনও মেলা খোলা থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আয়কর মেলা যথারীতি চলবে। তারা গতকাল একটি বিজ্ঞপ্তিতে জানান, মেলায় করদাতারা তাদের ২০১৪-১৫ কর বর্ষের আয়কর রিটার্ন জমা, মেলায় অবস্থিত ব্যাংক বুথের মাধ্যমে আয়কর জমা, ই-টিআইএন গ্রহণ, ই-টিআইএন পুন:নিবন্ধন করতে পারবেন।
গতবারের মেলায় সবমিলিয়ে এক হাজার ১১৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। এবার প্রথম দুই দিনেই ৬১২ কোটি ৩৪ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।
ঢাকায় বেইলী রোডের মেলায় ১২৪ টি বুথ রয়েছে। এসব বুথে বার্ষিক আয়কর বিবরনী গ্রহণ, ই-টিআইএন নিবন্ধন ও পুন:নিবন্ধন দেওয়া হচ্ছে। এছাড়া স্বয়ংক্রিয় পদ্ধতিত কর পরিশোধ বা ই-পেমেন্টের ব্যবস্থাও রয়েছে। অন্যদিকে কর পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে সোনালী ও জনতা ব্যাংকের বুথও রয়েছে।
