চট্টগ্রামে কাভার্ড ভ্যান চাপায় মা ও ছেলের মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২০:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। উপজেলার ফৌজদারহাটে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।   
নিহতরা হলেন-কুলসুম বেগম (৪৫) ও তার ছেলে মনিরুল ইসলাম (১২)। তাদের গ্রামের বাড়ি বরিশালের আমতলি উপজেলায়। ফৌজদারহাটের জলিল টেক্সটাইল এলাকায় বসবাস করতেন তারা। কাভার্ডভ্যানের চালক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে।
হাইওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির সার্জেন্ট কবির হোসেন বলেন, কুলসুম ও তার ছেলে ফৌজদারহাটে একটি আসবাবপত্রের দোকানে কাজ করতেন। মা দোকানে রান্নার কাজ ও তার ছেলে দোকান মালিককে সাহায্য করত।
জানা গেছে, সকালের দিকে শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি কাভার্ডভ্যান সীতাকুণ্ড-ফৌজদারহাট মহাসড়কে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। একপর্যায়ে কাভার্ডভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।