প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার সাড়ে ১০টার দিকে ভূমি মন্ত্রণালয়ে এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যত মামলা আছে তার প্রায় সবই ভূমি সংক্রান্ত। আর ভূমির মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে বংশ পরম্পরায়। তাই ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনা ডিজিটালাইজড করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেন তা নির্ভুল হয়।
ভূমির সঠিক ব্যবহারের নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ বাড়ছে। মানুষের জন্য খাদ্যের যোগান দিতে হবে, উৎপাদন বাড়াতে হবে, তাদের জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে।
শিল্প-কারখানা উর্বর জমিতে না গড়ে তুলে অনুর্বর জমিতে গড়ার পরামর্শ দেন তিনি।
এ সময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
