ভারত সফরে তিস্তা পানিবণ্টন চুক্তি ও স্থলসীমা চুক্তির মতো অমীমাংসিত সমস্যা সমাধানের গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার সকালে নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এই কথা জানান।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমরা ভারতের সঙ্গে আরো গভীর সম্পর্ক চাই এবং এজন্য অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি করতে হবে।
সাতজন সচিবসহ একটি প্রতিনিধি দল নিয়ে সকাল সোয়া ১০টায় দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন পররাষ্ট্রমন্ত্রী।
সফরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভায় যোগ দেবেন মাহমুদ আলী। নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি সম্পদ, সীমান্ত ব্যবস্থাপনা, অবকাঠামো, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি, পরিবেশ ও শিক্ষাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা হবে এ বৈঠকে।
