রাঙামাটিতে ব্যবসায়ীকে হত্যা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫৩

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাবুল দে (৬০) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বুড়িঘাট ইউনিয়নের আমতলী মনখোলামুখ এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হাবিবুর রহমান জানান, বুধবার রাতে ডেকে নিয়ে যায়। চাঁদা না দেয়ায় বাবুলকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা। বাবুলের বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায়। দীর্ঘদিন ধরে তিনি বুড়িঘাট এলাকায় ব্যবসা করে আসছিলেন। তিনি ছিলেন বুড়িঘাট মন্দির কমিটির সভাপতি।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে একদল লোক এসে বাবুল দে এবং তার দুই সহযোগী উত্তম তালুকদার ও মৃদুল দেকে ডেকে নিয়ে যায়। পরে বাবুলকে আটকে রেখে অন্য দুইজনকে ছেড়ে দেয়।
তারা ছাড়া পেয়ে স্থানীয় বুড়িঘাট সেনা ক্যাম্পে বিষয়টি জানালে সেনাবাহিনী তল্লাসি চালিয়ে আজ সকালে মনখোলামুখ এলাকায় বাবুলের লাশ পায়।