স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে বৃহস্পতিবার গণভোট শুরু হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে থাকা না থাকার বিষয়টি নির্ধারিত হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের স্বাধীনতাকামী মানুষ আজ ‘হ্যাঁ’ ভোট দেবেন। বিপে থাকা ব্যক্তিরা দেবেন ‘না’ ভোট। স্কটল্যান্ডের ৪২ লাখ ৮৫ হাজার ৩২৩ জন ভোটার ভোট দেবেন।
শুক্রবার সকালের মধ্যে ভোটের ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
স্কটল্যান্ডের ৩২টি স্থানীয় কর্তৃপক্ষ এলাকার প্রত্যেকটির ব্যালট পেপার গণনা করা হবে। দেশটিতে সাত লাখ ৮৯ হাজার ২৪ জন ডাকের মাধ্যমে ভোট দেয়ার আবেদন করেছেন।
ভোট গণনার পর প্রত্যেক এলাকার গণনাকারী কর্মকর্তা এডিনবরায় প্রধান গণনাকারী কর্মকর্তা ম্যারি পিটকেইথলির কাছে ফলাফল জানাবেন। তার অনুমোদনের পর গণনাকারী কর্মকর্তারা তাদেও স্ব স্ব এলাকার ফলাফল ঘোষণা করবেন।
স্কটল্যান্ডের ৩২ টি স্থানীয় কর্তৃপক্ষ এলাকার সবকটির ফলাফল পাওয়ার পর পিটকেইথলি এডিনবরার বাইরে রয়েল হাইল্যান্ড সেন্টারে গণভোটের ফলাফল ঘোষণা করবেন।
স্কটল্যান্ডের নির্বাচন কমিশন জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটার মধ্যে ফলাফল পাওয়া যেতে পারে।
