কাগজের ব্যবহার কমাতে ই-টেন্ডারিং চালুর নির্দেশ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০২
 
কাগজের ব্যবহাররোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের ডিসেম্বরের ই-টেন্ডারিং ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সকল তফসীলি ব্যাংক ও ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য জারিকৃত পরিবেশ বান্ধব নীতিমালার আওতায় অভ্যন্তরীণ পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। তারমধ্যে অন্যতম হচ্ছে কাগজের ব্যবহার হ্রাস করা।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্রয়, প্রক্রিউরমেন্ট, টেন্ডারিং কার্যক্রমে কাগজের ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস করা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং দক্ষতা ও দ্রুততা নিশ্চিত করতে সব ধরনের প্রকিউরমেন্ট কার্যক্রম ই-টেন্ডারিং এর আওতায় সম্পাদন করতে হবে। উল্লিখিত ই-টেন্ডারিং ব্যবস্থা ওয়েব ভিত্তিক হতে হবে এবং তা সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সাথে সংযুক্ত করতে হবে। ই-টেন্ডারিং ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের নিকট হতে কারিগরী সহায়তা গ্রহণ করতে পারে। অবিলম্বে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বলা হয়েছে।