ব্রাহ্মণাবাড়িয়ায় এ কে খন্দকারের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা তদন্ত করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট সানজিদ আফরিন দীবার আদালত এ আদেশ প্রদান করে। গত ১০ সেপ্টেম্বর ওই আদালতে এ কে খন্দকারের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাবেক যুগ্ম সচিব মুক্তিযোদ্ধা এম এ ইসহাক ভূঁইয়া ।
মামলার বাদী এম এ ইসহাক ভূঁইয়া অভিযোগ করেন, ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে মুক্তিযোদ্ধাদের মানহানি করা হয়েছে। এতে বলা হয়েছে ‘মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর কিছু সদস্য লুটপাটে নেতৃত্ব দিয়েছেন এবং বাহিনীর বেশির ভাগ সদস্যকে যুদ্ধের সময় ময়দানে দেখা যায় নি’, যা গত ৮ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকায় ছাপা হয়। এ লেখার মধ্য দিয়ে লেখক বীর মুক্তিযোদ্ধা তথা মুজিব বাহিনীর সকল সদস্যের মানহানি করেছেন।
মামলর বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানভির ভুইয়া জানান,মামলায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অবমাননা করায় ৫০০ ও ৫০১ ধারায় একে খন্দকারের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে।
এ অভিযোগে মামলা দায়েরের পর আদালত কাগজপত্র (বাদীর মুক্তিযোদ্ধা সনদ) দাখিল সাপেক্ষে ১৫ সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেন। আইনজীবী আব্দুস সামাদের মৃত্যুতে ১৫ সেপ্টেম্বর ফুল কোর্ট রেফারেন্স থাকায় আদেশ দেন আদালত।
