কিশোরগঞ্জে নিজ পরিবারের তিনজনকে হত্যার দায়ে বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম. মো. সাঈদ এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১ আগস্ট কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নামা সিদলা গ্রামের বোরহান উদ্দিন তার ছোট ভাই ফারুক মিয়ার স্ত্রী নাজমা বেগম এবং তার দুই ছেলে শাহজাহান ও লিমনকে মুগুর দিয়ে মাথায় আঘাত করে হত্যা এবং পরে তাদের লাশ খড়ের গাদায় লুকিয়ে রেখে পালিয়ে যায়। ঘটনার সময় ফারুক মিয়া বাড়িতে ছিলেন না। ঐদিনই নান্দাইল বাসস্ট্যান্ড থেকে বোরহান উদ্দিনকে পুলিশ আটক করে। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, বোরহান উদ্দিন এর আগে তার বড় ভাই সোহরাব উদ্দিনকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করে গত বছরের জুলাই মাসে জেল থেকে ছাড়া পায়। জেলে থাকা অবস্থায় তার পিতা সদর আলী তার সমস্ত সম্পত্তি ছোট ছেলে ফারুক মিয়ার নামে লিখে দেয়। এতে বোরহান উদ্দিন ক্ষিপ্ত হয়ে জেল থেকে বের হয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করে বলে আদালতে প্রমাণিত হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং আসামি পক্ষে ছিলেন জেসমিন আরা বেগম।
