রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ভাসমান এক বস্তা থেকে জীবিত যুবককে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশে তাকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হয়। মো. সোহেল নামে উদ্ধার হওয়া ঐ যুবক অসুস্থ থাকায় এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে কামালবাগের কাছে নদীতে ভাসমান একটি প্লাস্টিকের বস্তা দেখে তা তীরে তুলে আনেন। বস্তার ভেতর পাওয়া যায় ঐ যুবকের নিথর দেহ পাওয়া যায়। পরে তার শ্বাস চলাচল স্বাভাবিক দেখে নেয়া হয় মিটফোর্ড হাসপাতালে।
ওসি আজিজুল হক বলেন, সে শুধু নিজের নাম সোহেল এবং বাসা কেরানীগঞ্জ বলতে পারছে। সুস্থ হলে জানা যাবে তাকে কারা, কেন বস্তায় ভরে নদীতে ফেলেছিল।
