তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনলাইন পত্রিকা প্রকাশনার একটি খসড়া নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে। বর্তমানে এটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তিনি বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে আরও বলেন, অনলাইন প্রত্রিকা প্রকাশ/প্রকাশনার কোন নীতিমালা বর্তমানে নেই। তথ্য মন্ত্রণালয় গণমাধ্যম সহায়ক খসড়া নীতিমালা প্রণয়নের জন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহবায়ক করে ‘অনলাইন গণমাধ্যম সহায়ক খসড়া নীতিমালা প্রণয়ন কমিটি’ গঠন করেছে।
মন্ত্রী বলেন, মূল কমিটিকে সহায়তা করার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বারকে আহবায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই উপ-কমিটি ইতোমধ্যে প্রস্তাবিত নীতিমালার একটি খসড়া প্রণয়ন করে মূল কমিটির কাছে উপস্থাপন করেছে। মূল কমিটি খসড়া নীতিমালাটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।
সরকারি দলের মোহাম্মদ ইলিয়াছের অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত ও গেজেট আকারে প্রকাশিত জাতীয় সম্প্রচার নীতিমালায় জনগণের স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করতে পারে এমন কোন বিষয় সন্নিবেশিত হয়নি। তবে সামাজিক নৈতিকতা, জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের অধিকার সমুন্নত রাখার বিষয়ে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সম্প্রচার মাধ্যমসমূহের প্রতি প্রয়োজনীয় দিক নির্দেশনা এই নীতিমালাতে রয়েছে। খবর বাসস
