জামায়াতের সঙ্গে আতাঁতের প্রশ্নই ওঠে না: তোফায়েল

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪৬
 
আওয়ামী লীগের প্রবীন নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আপোস কিংবা আতাঁত হয়নি, আতাঁতের প্রশ্নই ওঠে না। আতাঁত করলে যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানো হতো না। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার আপিল বিভাগের রায় প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, যদিও ব্যক্তিগতভাবে আমি রায়ে অসন্তুষ্ট; কিন্তু উচ্চ আদালতের রায় মানা ছাড়া কোন উপায় নেই। রায়ে অসন্তুষ্ট হলেও বিচার বিভাগের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা রেখে এ রায় মেনে নিতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সংবিধানের ষোড়শ সংশোধনী বিলের বিরোধিতা করার কোনো কারণ নেই। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, যারা সংবিধান প্রণয়ন করেছেন, আজ তারা কেন এই সংশোধনীর বিরোধিতা করছেন। আমরা তো বাহাত্তরের সেই বিধানই প্রতিস্থাপন করেছি। তিনি বলেন, জামায়াতের হরতালে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হবে না।