অনির্দিষ্টকালের জন্য রুয়েট বন্ধ ঘোষণা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ২২:১৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আগামী ২০ সেপ্টেম্বর (শনিবার) থেকে অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রুয়েটের প্রেস এন্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত রুয়েট প্রশাসনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তে বলা হয়, শারদীয় দূর্গা পুজা ও পবিত্র ঈদ-উল-আযহার ছুটি অপ্রিতীকর ঘটনার কারণে এগিয়ে এনে ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শুক্রবার সকাল ১০টার মধ্যে সকল ছাত্র-ছাত্রীকে হল ত্যাগ করতে হবে। হল পুনরায় খুলে দেয়ার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে। সভায় রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, হল প্রভোস্ট ও সহকারী হল প্রভোস্টগণ অংশগ্রহণ করেন।’

উল্লে­খ্য, বৃহস্পতিবার জামায়াতের হরতাল চলাকালে একটি বইয়ের প্রকাশনা উত্সব বন্ধ করাকে কেন্দ্র করে শিবিরের সেক্রেটারীসহ ১১ নেতাকর্মীকে আটকের জেরে বিকালে শিবির, ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।