জাতীয় পার্টির (এ) সভাপতিমণ্ডলী থেকে অব্যাহতি পাওয়া তাজুল ইসলাম চৌধুরীকে সংসদীয় কমিটির সভাপতি করা হলো। বিরোধীদলীয় প্রধান এই হুইপ তাজুলকে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে বৃস্পতিবার সংসদ এ বিষয়ে অনুমোদন দেয়।
তাজুলের আগে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফ। তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদস্য করা হয়েছে।
তাজুল এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে পাঁচটি সংসদীয় পুনর্গঠনের প্রস্তাব করা হয়। পরে সেগুলো পাস হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য পদে পরিবর্তন আনা হয়েছে।
