কুমিল্লায় অপহরণের ২১ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১৫:০২

কুমিল্লার দেবিদ্বার থেকে অপহরণের ২১ঘণ্টা পর এক কুয়েত প্রবাসীর শিশুপুত্র ফাহিম আহমেদ (৭) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার ওয়ার সিমেট্রির সামনে থেকে তাকে উদ্ধারের পর দেবিদ্বার থানায় নিয়ে যাওয়া হয়। শিশু ফাহিম দেবিদ্বার উপজেলার কান্দুঘর গ্রামের কুয়েত প্রবাসী বশির আহমেদের পুত্র এবং সে দেবিদ্বার উপজেলা সদরের অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণির ছাত্র।  
পুলিশ ও উদ্ধার হওয়া শিশুছাত্রের মা রানুয়ারা বেগম জানান, ছেলের লেখাপড়ার সুবিধার্থে তিনি দেবিদ্বার উপজেলা সদরের ছোট আলমপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। বৃহস্পতিবার সকালে তার শিশুপুত্র ফাহিম আহমেদ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর সে আর বাসায় ফিরে আসেনি। পরে ওই স্কুলের শ্রেণিকক্ষে গিয়ে তার বই-খাতা পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে বৃহস্পতিবার রাতে ছেলে নিখোঁজের বিষয়ে তিনি দেবিদ্বার থানায় জিডি করেন। এতে পুলিশ ওই ছাত্রকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। এদিকে ছেলেকে ছাড়িয়ে নেয়ার জন্য রাতে অপহরণকারীরা রানুয়ারা বেগমের মোবাইল ফোনে ম্যাসেজ পাঠায়। এতে রানুয়ারা বেগম সাড়া দেয়নি। শুক্রবার ভোরে রানুয়ারা বেগমের মোবাইল ফোনে কল করে এবং পুলিশকে জানালে পরিণতি খারাপ হবে এমন হুমকি দিয়ে ছেলেকে (ফাহিম) ময়নামতি ওয়ার সিমেট্রির সামনে থেকে নিয়ে যাওয়ার জন্য বলে।
দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, আজ শুক্রবার অপহরণকারীরা শিশু ফাহিমকে ময়নামতি ওয়ার সিমেট্রির সামনে ফেলে চলে যাওয়ার পর সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওই শিশুকে তার মামার বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে ২ জন মোটর সাইকেলযোগে তাকে অপহরণ করেছিল। অপহরণের কারণ উদঘাটন ও অপহরণকারীদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।