নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের গোবিন্দপুর এলাকায় রফিকুল ইসলাম (২০) নামে এক গরু রাখালের গলাকাটা লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলামের বাড়ি শেরপুর জেলায়।
উপজেলার কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, দেড় মাস ধরে পূর্বচাল উপশহরের ২০ নম্বর সেক্টর এলাকার ব্যবসায়ী সুরুজ হাজীর গরুর রাখাল হিসেবে রফিকুল ইসলাম কাজ করছেন। বৃহস্পতিবার ভোর রাতে গোয়াল ঘরের পাশে রফিকুল ইসলামের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওইদিন সকালে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। বিষয়টি ভিন্নখাতে প্রবাহের জন্য একটি মহল জোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। তবে হয়রানী করার জন্য কাউকে এ হত্যাকাণ্ডে জড়ানো হবে না।
