'তিস্তার পানিবণ্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে '

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ১৫:২৪

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং ভারতের পানিসম্পদ মন্ত্রী উমা ভারতীর সাথে তিস্তা পানিবণ্টন চুক্তি নিয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে।
শুক্রবার সকালে ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ে উমা ভারতীর সাথে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে।
তিস্তার পানিবন্টন চুক্তি ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিসম্পদ সম্পর্কিত সকল বিষয়ে তারা আলোচনা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে গড়ে উঠা বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ককে আরো জোরদার করার বিষয়ে তারা উভয়ে একমত হয়েছেন।
বৈঠকে নয়াদিল্লীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম, পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং পানিসম্পদ সচিব ড. জাফর আহমদ খান উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।