ঢুস মারার অভিযোগে বাস্তিয়ার ব্রাজিলীয় স্ট্রাইকার ব্রান্ডাওকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছে ফ্রেঞ্চ ফুটবল লিগের ডিসিপ্লিনারি কমিশন। প্যারিস সেন্ট জার্মেইন তারকা থিয়াগো মোত্তাকে ঢুস মারার কারণে বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রাগ দশ প্রিন্সেসে ২১ আগস্ট দুই ক্লাবের মধ্যে লিগ ওয়ান ম্যাচ চলাকালে করিডোরে ওই কাণ্ডটি ঘটান ব্রান্ডাও। এরপর থেকেই তিনি নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। এই নিষেধাজ্ঞা আরোপের ফলে আগামী বছর ২১ ফেব্রুয়ারির আগে তিনি আর ম্যাচে ফিরতে পারবেন না।
শুধু মাত্র নিষেধাজ্ঞার শাস্তি পেয়েই ওই ঘটনার দায় থেকে তিনি নিস্কিৃতি পাচ্ছেন না। সিসিটিভির ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজের ভিত্তিতে ৩৪ বছর বয়সী ওই ব্রাজিলীয়র বিরুদ্ধে ফৌজদারি মামলায়ও অভিযোগ গঠন করা হয়েছে। ক্রীড়াঙ্গণে এই ধরনের অপরাধ করার অভিযোগে অভিযুক্ত ওই স্ট্রাইকারকে আগামী ৩ নভেম্বর আদালতে হাজির হতে হবে। তার আঘাতের কারণে ৭দিন কাজ থেকে বিরত থাকতে হয়েছে মোত্তাকে।
ঢুস মারার ঘটনার জের ধরে ডিসিপ্লিনারি কমিশনের সামনে অন্তত দুই ঘন্টা শুনানি হয়েছে। তবে এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তার আইনজিবী অলিবার মার্টিন এ সময় বলেন, আজ শুধু ঘটনার পেক্ষাপট বর্ণনা করা হয়েছে। বর্ণবাদী আচরনের কারণে তিনি তাকে শারিরিকভাবে হেনস্তায় জড়িয়ে পড়েন বলে উল্লেখ করেন মার্টিন।’
