ভারতের মুসলিমরা নিজ দেশের স্বার্থে লড়বে এবং তাদের নিয়ে আল কায়েদার পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি মাসের শুরুতে দক্ষিণ এশিয়ায় ধর্মীয় চরমপন্থি গোষ্ঠী আল-কায়েদার শাখা চালুর ঘোষণার পরিপ্রেক্ষিতে সম্প্রতি সিএনএন’র কাছে এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে মোদি বলেন, ভারতের মুসলিমরা ভারতেই বসবাস করবে, ভারতের সম্মান রক্ষায় তারা জীবন দেবে, ভারতের জন্য নেতিবাচক কিছু তারা চাইবে না। কেউ যদি ভাবে, ভারতীয় মুসলিমরা তাদের কথায় (আল কায়েদা) উঠবস করবে, তারা ঘোরের মধ্যে রয়েছে।
সম্প্রতি নতুন এক বিবৃতিতে ভারতের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর অধিকার আদায়ে তৎপরতা শুরুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক চরমপন্থি দল আল কায়েদা। দেশটির কাশ্মির অঞ্চলে ৯০ এর দশকের শুরু থেকে দিল্লির শাসন বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে ওই রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ।
