ভারপ্রাপ্ত আমিরসহ গ্রেফতার ৭ জেএমবি ৪ দিনের রিমান্ডে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৪, ২০:০৭
 
 
 
 
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বোচ্চ পর্যায়ের (ভিভিআইপি ও ভিআইপি) ব্যক্তিদের গাড়ি বহরের ওপর হামলা ও নাশকতা চালিয়ে বিশ্বমিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। লক্ষ্য ছিল জঙ্গিদের ঝিমিয়ে পড়া সদস্যদের উজ্জীবিত করা এবং মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গি সংগঠন  আইএসের (ইসলামিক স্টেট) জঙ্গিদের সহানুভূতি পাওয়া। অপর দিকে বেসরকারি টেলিভিশনের ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিষয়ও জানা ছিল জেএমবির। শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ সব কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার  মনিরুল ইসলাম।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পার্ক এলাকা থেকে গ্রেফতার করে জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ ৭ জঙ্গিকে। অপর সদস্যরা হচ্ছেন নাঈম আলী, সিকান্দার আলী ওরফে নকি, মাহমুদ ইবনে বাশার, মাসুম বিল্লাহ , ফুয়াদ হাসান ও আলী আহম্মদ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাস-বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায়  আজ ৪ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।
যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম জানান, জেএমবির একাংশের প্রধান সাইদুর রহমান গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তার অবর্তমানে দলের নেতৃত্ব দিচ্ছে একাধিক মামলার আসামি দণ্ডাদেশপ্রাপ্ত তাসনিম। তার বিরুদ্ধে ২০টির অধিক মামলা  রয়েছে। এ সব মামলায় তার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেফতারি পরোয়ানা। তাসনিমের আপন বড় ভাই আব্দুল্লাহ আল সোহাইল গাজীপুরের আদালতে বোমা হামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃত মাহমুদ ইবনে বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়, সিকান্দার আলী ওরফে নকি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সিকান্দার ব্লগার রাজীব হত্যা মামলার সন্দেহের তালিকায় ছিল। কিন্তু সে সময় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে গ্রেফতার করা হয়নি।
যুগ্ম কমিশনার আরো জানান, তাসনিম তার অন্য সহযোগীদের নিয়ে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে। আর তাদের এ কাছে সহায়তা দেয়  টেকলোলজিতে পারদর্শী নকি ও বাশার।
আইএস জঙ্গিদের সঙ্গে জেএমবির সদস্যদের যোগাযোগ প্রসঙ্গে যুগ্ম কমিশনার জানান, গ্রেফতারকৃতরা সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের সঙ্গে সর্ম্পক স্থাপন করলেও বেশি দূর পর্যন্ত আগাতে পারেনি। তারা ইন্টারনেটে ই-মেইল মাধ্যমে যোগাযোগ করেছে। তবে গ্রেফতারকৃতরা জানিয়েছে, এরই মধ্যে তাদের বেশ কিছু সদস্য আইএসের পক্ষে যুদ্ধ করতে পার্সপোর্ট সংগ্রহ করেছে। আইএসের কথিত জিহাদে যোগ দিতে যাবে।
যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, টেলিভিশনের ইসলামি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার বিষয়টি জেএমবির জানতে। গ্রেফতারকৃতরা ফারুকী হত্যার ব্যাপারে বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে। তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক তৈরির জন্য ব্যবহূত ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক, চারটি পিতলের মূর্তি, জেএমবির প্রচারপত্র ও বই।
ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন উপকমিশনার (ডিবি উত্তর) শেখ নাজমুল আলম, উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, এডিসি (ডিবি উত্তর) আব্দুল আহাদ, সিনিয়র এসি (ডিবি) মুহাম্মদ মিনহাজুল ইসলাম।