মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের মিছিলে আবারও বাধা দিয়েছে পুলিশ। সন্ধ্যায় তারা মিছিল নিয়ে এগোতে চাইলে শাহবাগ মোড়ে তাদের বাধা দেয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝে কামাল পাশা চৌধুরীর নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের আরেক অংশের কর্মীরা তাদের ধাওয়া দিলে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ অন্তত পাঁচজন আহত হন।
এর আগে শুক্রবার বিকালে অভিন্ন দাবিতে জাতীয় জাদুঘরের সামনে আলাদাভাবে সমাবেশ করে গণজাগরণ মঞ্চের তিনটি অংশ। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার নেতৃত্বাধীন অংশ জাদুঘরের প্রধান ফটকের ডান দিকে সমাবেশ করে। বাঁ পাশে অবস্থান নেয় কামাল পাশার নেতৃত্বাধীন অংশ। দুই পক্ষের অবস্থানের মাঝে ছিল ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর অংশ।
সমাবেশ করার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাঈদীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল বের করেন ইমরান নেতৃত্বাধীন অংশের কর্মীরা। মিছিলটি শাহবাগ থানার সামনে দিয়ে কিছুটা এগোনোর পর তাদের বাধা দেয় পুলিশ। উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশি ধাওয়ার মুখে কয়েকজন কর্মী গণজাগরণ মঞ্চের তথ্য কেন্দ্রের দিকে এগিয়ে যান। এ সময় সেখানে সমাবেশে থাকা কামাল পাশা নেতৃত্বাধীন অংশের এক কর্মী মাইকে ঘোষণা দেন, ইমরানের নেতৃত্বাধীন অংশের কর্মীরা তাদের ওপর হামলা করেছে।
