৫০ লাখ টাকার মোবাইল জব্দ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ০০:০৬

বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা বিভাগ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার ৫৬৫টি মোবাইল ফোন জব্দ করেছে। কাস্টমস হল বেল্ট থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি। কাস্টমস গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, সন্ধায় হংকং থেকে একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। হল বেল্টে সন্দেহজনক দুইটি বড় প্লাস্টিকের প্যাকেট দেখতে পেয়ে কাস্টমস কর্মকর্তারা তা খুলে সেটগুলো পান।

মুস্তাফিজুর আরও বলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের অনুমোদন ছাড়া সেটগুলো আমদানি করা হয়েছিল।