রাজধানীতে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ০১:২৪
শুক্রবার রাতে রাজধানীর কাফরুল থানা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রাজু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুজন। আহতদের একজনের নাম তানজীদ বলে জানা গেছে। আরেকজনের নাম জানা যায়নি। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রাত দশটার দিকে মিরপুর সেনপাড়ার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের সামনের সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন একটি মোটরসাইকেলে থাকা তিন আরোহী। তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রাজুকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাতে ঢাকা মেডিকেলে আহত অবস্থায় ইকবাল হোসেন (১৬) ও শামীম (১৮) নামের দুই মোটরসাইকেল আরোহীকে ভর্তি করা হয়। ওয়ারীর টিকাটুলি এলাকায় সড়ক দুর্ঘটনায় তাঁরা আহত হন বলে জানা গেছে।