র‌্যাব মানবাধিকার লঙ্ঘন করেছে এটা প্রমাণিত : সুলতানা কামাল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৪, ০২:৩০

ইউরোপীয় পার্লামেন্টে র‌্যাবকে দায়মুক্তি না দেওয়ার যে প্রস্তাব পাস হয়েছে তিনি তার সঙ্গে একমত। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, র‌্যাব মানবাধিকার লঙ্ঘন করেছে এটা তো এখন প্রমাণিত। আসক ২০০৪ সাল থেকেই বলে আসছে র‌্যাব তাদের বিধিবিধানের বাইরে অপরাধমূলক কাজের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল শুক্রবার আয়োজিত চতুর্থ জাতীয় বিদ্যালয় নাট্য দল (বিনাদ) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সুলতানা কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সুলতানা কামাল বলেন, বিলুপ্তি এবং দায়মুক্তির মধ্যে পাথর্ক্য আছে। আসক কখনো র‌্যাবের বিলুপ্তি দাবি করেনি। ইউরোপীয় পার্লামেন্ট গুম হওয়া ব্যক্তিদের অবিলম্বে ফিরিয়ে দেওয়ার যে আহ্বান জানিয়েছে, আসক আগেই সে দাবি করে আসছে। র‌্যাব তাদের মৌলিক কাজের বাইরে অপরাধমূলক কোনো কাজ করলে অবশ্যই সেটার বিচার হওয়া উচিত।