পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে পৌঁছেছেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে জলবায়ুসংক্রান্ত সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। আগামী ২৬ সেপ্টম্বর তিনি দেশে ফিরে যাবেন।
এদিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে স্বাগত জানান নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান। এ সময় জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দীন ভুলুর নেতৃত্বে দলের বেশ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অন্যান্য নেতৃবৃন্দ হলেন জেপি যুক্তরাষ্ট্র শাখার প্রেসিডেন্ট রাহাত তানভীর, জেনারেল সেক্রেটারি তারেক মাহমুদ, দলের তরুণ সদস্য ইভান খান, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ রুহুল আমিন খান এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সিদ্দিক।
এদিকে যুক্তরাষ্ট্র জেপি স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন আনোয়ার হোসেন মঞ্জু। জেপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলাউদ্দীন ভুলু আগ্রহী সকলকে মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
