সীমানা প্রাচীর টপকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউজের যে অংশে ওবামা বসবাস করেন সেদিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। শুক্রবার ওবামা সাপ্তাহিক ছুটি কাটাতে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়ার কিছুণের মধ্যে এ ঘটনা ঘটে। খবর: রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছে, ওমর জে.গঞ্জালেস (৪২) নামে ঐ শ্বেতাঙ্গ ব্যক্তি টেক্সাসের অধিবাসী। থামার নিষেধাজ্ঞা অমান্য করেই হোয়াইট হাউজের ঢোকার অন্যতম মূল ফটক নর্থ পোর্টিকোর দিকে এগোতে থাকেন গঞ্জালেস । তখনই তাকে আটক করা হয়। তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। তাকে আটক করে নিকটবর্তী একটি হাসপাতালে নেয়া হয়।
এ ঘটনা সাথে সাথে সেখানে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউজ কর্মীদের বের করে দেয়া হয়। এর কিছুক্ষণ পর তাদের প্রবেশ করতে দেয়া হলেও ভবনের উত্তরপশ্চিম দিকটি বন্ধ করে দেয়া হয়।
এড ডোনোভান নামে ঐ মুখপাত্র জানান, গঞ্জালেস যে কাজটি করেছে তা আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। এই বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
এই ঘটনার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ওবামা তার দুই মেয়েকে নিয়ে হোয়াইট হাউজ থেকে মেরিনের ওয়ান হেলিকপ্টারে করে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন। ফার্স্ট লেডিও এসময় সেখানে ছিলেন না।
